ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিজ পকেটের টাকা খরচ করে ক্লাবগুলোর চাওয়া একটাই, সম্মান: তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ১৮:৫৮, ১৮ মার্চ ২০২৬
নিজ পকেটের টাকা খরচ করে ক্লাবগুলোর চাওয়া একটাই, সম্মান: তামিম

ক্লাব ক্রিকেটের অন্দরমহলের বাস্তবতা তুলে ধরলেন তামিম ইকবাল। তার মতে, অনেক সংগঠকই কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই নিজের পকেটের টাকা খরচ করে ক্লাব পরিচালনা করেন।

শুধু এক-দুই বছর নয়, বছরের পর বছর ধরে ক্লাবে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ সেসব সংগঠকরা। এত ত্যাগের পরও তাদের প্রত্যাশা খুব বেশি নয়—প্রাপ্য সম্মানটুকুই পাওয়া। এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম। 

বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাবে এক দোয়া মাহফিলে অংশ নেন তামিম।

এক সময়ে তামিম ছিলেন মোহামেডানের প্রিয় মুখ। ক‌্যারিয়ারের লম্বা সময় খেলেছেন এই ক্লাবে। জিতেছেন ঢাকার ক্লাব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের ঢাকা প্রিমিয়ার লিগের খেতাব। সেই ক্লাবে তামিম আজ হাজির হয়েছিলেন সংগঠক হিসেবে। 

গত বছর তামিম বিকেএসপিতে হার্ট অ‌্যাটাক করেছিলেন। ঢাকা লিগে সেবারও মোহামেডানে খেলেছিলেন তামিম। ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক দারুণ। তাই তো নিজ থেকেই ঘোষণা দিলেন, মোহামেডান চাইলে-ই ক্লাবটিতে সংগঠক হিসেবে যোগ দেবেন তিনি। যদিও আপাতত সুযোগটি নেই। কিছুদিন আগেই মোহামেডানের কমিটি গঠন হয়েছে। তবুও নিজের প্রত্যাশার কথা জানিয়ে রাখলেন তিনি,  

‘‘সংগঠক হিসেবে মোহামেডানে যোগ দেব কিনা তা এখনও চিন্তা করিনি। আমার কাছে কখনো এমন কোনো কিছু যদি মনে হয় কিংবা আমাকেও উনাদের ক্লাবে নিলে যদি ক্লাবের জন্য ভালো হয়, উনারা যে কোনো সময় ডাকলে আমি সময় আসবো। এটা তো আমার জন্য গর্বের ও সম্মানের বিষয়, মোহামেডান ক্লাবে থাকতে পারলে।’’ 

ক্রীড়াঙ্গনে দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনী লিমিটেড। দুটি ক্লাবেই তামিম খেলেছেন। দেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য এই ক্লাবগুলোর এবং ক্লাবের সংগঠকদের ভূমিকা কতোটা তা তুলে ধরে তামিম বলেছেন, ‘‘আমি যদি ক্লাবগুলোর কথা বলি, মোহামেডান অনেক বড় ক্লাব বাংলাদেশের। তাদের অবদান অনেক বড়। আপনি যদি চিন্তা করেন, মাহবুব আনাম কিংবা লোকমান হোসেন ভাই উনারা মোহামেডান ক্লাব চালান আমার জন্মেরও আগে। কিন্তু এই ক্লাবগুলো যেমন- মোহামেডান, আবাহনী কিংবা আরও বড় বড় যে ক্লাব আছে তাদের কিন্তু আমাদের ক্রিকেট, ফুটবল বা হকি দলগুলোকে দেওয়া ছাড়া আর কোনো কিছু পাওয়ার নেই। তাদের একটা জিনিসই আশা, ট্রফি।’’ 

‘‘তাছাড়া কিন্তু তারা বছরের পর বছর স্পোর্টসকে কন্ট্রিবিউট করে গেছে। আর এদের- মোহামেডান কিংবা আবাহনীর মতো ক্লাবগুলোর কারণেই আমাদের স্পোর্টসটা দাঁড়ানো। ফিরতি উনারা কী চান? উনাদেরকে সম্মান করা হোক। যেটা উনারা ডিজার্ভ করেন, সেই সম্মানটা যেন করা হোক।’’ – যোগ করেন তামিম। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচনে তামিমের অংশগ্রহণের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। 'একপেশে' ও 'অস্বচ্ছ' আখ্যা দিয়ে তামিমসহ ৪০টিরও বেশি ক্লাব ক্রিকেট বর্জন করার ঘোষণা দেয়। নির্বাচন থেকে সরে দাঁড়ানো ক্লাবগুলো সরকার পরিবর্তনের পর ক্রীড়া মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছেন।

এরই মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় স্বাধীন তদন্ত কমিটি গঠনও করেছে। অনেকেরই দাবি, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড নির্বাচনে প্রভাব বিস্তার করে দেশের শীর্ষ ক্রীড়া সংগঠকদের অবমাননা করেছেন। যা ভালোভাবে নেননি তামিমও। ক্ষোভের সেই বার্তা আজ তামিম প্রকাশ করেছেন কিনা নিশ্চিত নয়। তবে দেশের শীর্ষ ক্রিকেটার সংগঠকদের প্রাপ্য দেওয়ার অনুরোধ করেছেন, 

‘‘মাহবুব ভাইয়ের অবদান দেখেন, ক্রিকেটে বা অন্য কোনো স্পোর্টসে এবং ক্লাবেও। শেষ ১০-১৫ বছর কত পরিমাণ টাকা নিজের পকেট থেকে তিনি দিয়েছেন। লোকমান ভাইও আছেন। আবার তাদের (মোহামেডান) কমিটি হয়েছে। আমাদের পক্ষ থেকে যে সম্মানটা তাদের দেওয়া উচিৎ, যে জিনিসটা উনারা ডিজার্ভ করেন সেটা যেন আমরা তাদের দিতে পারি সেই অনুরোধ থাকবে।’’

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়