ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘ঢাকায় ফিরতে হয় খালি, তাই কিছু বাড়তি টাকা নিতে হয়’

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ১৮:১৮, ১৮ মার্চ ২০২৬
‘ঢাকায় ফিরতে হয় খালি, তাই কিছু বাড়তি টাকা নিতে হয়’

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা ও গাজীপুরের অধিকাংশ কারখানা ছুটি হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরের পর থেকে যাত্রীর চাপ কয়েক গুণ বেড়ে যায়। এতে মহাসড়কে যানবাহনের সংকট দেখা দেওয়ায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে এমন অভিযোগ পাওয়া গেছে।

মাগুরাগামী যাত্রী বিলকিস মাহমুদা বলেন, “সাভারের হেমায়েতপুর থেকে পাটুরিয়া ঘাটে তিনশ টাকা ভাড়া দিয়ে লোকাল বাসে এসেছি। সাধারণ সময় ভাড়া নেওয়া হয় দেড়শ টাকা, কিন্তু যাত্রীদের চাপ বাড়ায় আজ ভাড়া দ্বিগুণ নেওয়া হয়েছে। উপায় না থাকায় বাড়তি ভাড়া দিয়েই আসতে হয়েছে।”

ফরিদপুরগামী যাত্রী ইকবাল হোসেন বলেন, “নবীনগর বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম। কোনো বাসে সিট নেই। পরে পিকআপে বাড়তি ভাড়া দিয়ে পাটুরিয়া ঘাট এলাকায় এসেছি।”

বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন ইসমাইল হোসেন নামে এক বাস চালক। তিনি বলেন, “ঢাকা থেকে বের হওয়ার সময় যাত্রীদের চাপ রয়েছে। তবে, ফিরতে হয় খালি। পুষিয়ে নিতে কিছু টাকা বাড়তি নিতে হয়।”

গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কউসিক আহমেদ বলেন, “ঈদযাত্রায় ঢাকা-আরিচা মহাসড়কে হাইওয়ে পুলিশের সদস্যরা টহল দিচ্ছেন। কোথাও কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মনীষা রানী কর্মকার বলেন, “অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ঢাকা/চন্দন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়