পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন, আরো ৬ আসামি গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাস (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশ আগুনে পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় আরো ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃত ছয় জন দিপুকে চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করে।
বৃহস্পিবার (২৫ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন: ময়মনসিংহে হত্যার পর লাশে আগুন: ১২ আসামি রিমান্ডে
এর আগে, একইদিন মধ্যরাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের তাকবির (২২), ঠাকুরগাঁওয়ের রুহুল আমিন (৪২), ময়মনসিংহ সদরের নূর আলম (৩৩), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মো শামীম মিয়া (২৮), নোয়াখালীর সেলিম মিয়া (২২) ও মাদারীপুরের মো. মাসুম খালাসী (২৩)।
আরো পড়ুন: দিপু দাসের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস
এর আগে গ্রেপ্তার ১২ আসামি হলেন- আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫), মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল (২১)।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, “গ্রেপ্তার ছয় আসামি ফ্যাক্টরির ভেতরে উপস্থিত কর্মচারীদের উসকানি, স্লোগান দিয়ে ফ্যাক্টরির বাহিরে ছড়িয়ে দেওয়া এবং দিপুকে রিজাইন দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কেন ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
আরো পড়ুন: ধর্ম অবমাননার অভিযোগে যুবককে হত্যার ঘটনায় মামলা
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০/১৬০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। মামলার পর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার জড়িত মোট ১৮ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরো পড়ুন: ‘ওরা জেনেশুনে ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’
গত (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপুকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ গিয়ে রাত আড়াইটার দিকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঢাকা/মিলন/মাসুদ