ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে নির্বাচনি নিরাপত্তায় ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২৯ জানুয়ারি ২০২৬  
দিনাজপুরে নির্বাচনি নিরাপত্তায় ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৩৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে দিনাজপুরে বিজিবি মোতায়েন ও বেইস ক্যাম্প স্থাপন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মুহিত।

আরো পড়ুন:

লে. কর্নেল আব্দুল্লাহ আল মুহিত বলেন, “বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে এবং সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরো জানান, ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করবে। একই সঙ্গে নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়াও, নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় ১০টি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত দুই মাসে বিজিবি প্রায় ১৭ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের চোরাচালানি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে এবং ৫৬ জন আসামি আটক করেছে।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিজিবি পূর্ণমাত্রায় নির্বাচনি দায়িত্বে মোতায়েন থাকবে। এ লক্ষ্যে দিনাজপুর জেলার ৬টি আসনের ৮৪৪টি ভোটকেন্দ্রের রেকি সম্পন্ন হয়েছে এবং জেলার বিভিন্ন উপজেলায় ১৩টি বেইস ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে দিনাজপুর শহরের কেবিএম কলেজিয়েট হাইস্কুলে বেইস ক্যাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, সরকার, নির্বাচন কমিশন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

ঢাকা/মোসলেম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়