নির্বাচনে ১ লাখ সেনা মোতায়েন থাকবে, বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিশালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশে এক লাখ সেনা সদস্য, দেড় লাখ পুলিশ সদস্য, ৫ হাজার নৌ বাহিনীর সদস্য, ৩৭ হাজার বিজিবি সদস্য, ১০ হাজার র্যাব সদস্য, ৫ হাজার কোস্ট গার্ড এবং প্রায় ৬ লাখ আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে।’’
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে জানান উপদেষ্টা। তিনি বলেন, এবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে ক্যামেরা থাকছে। অপরাধ করে কেউ পার পাবে না। সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশাল বিভাগের ছয় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় হেলিকপ্টার যোগে স্বরাষ্ট্র উপদেষ্টা বরিশালে পৌঁছান।
ঢাকা/পলাশ/বকুল