ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে সিল-কাণ্ড

ভোটের সিল তৈরির অর্ডার দেন জামায়াত নেতা, দুজনের নামে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের সিল তৈরির অর্ডার দেন জামায়াত নেতা, দুজনের নামে মামলা

লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের ৬টি সিল তৈরি করায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফসহ দুইজনের নামে মামলা দায়ের করেছে পুলিশ। শরীফ হোসেন প্রিন্টিং ও কম্পিউটারের দোকানের মালিক সোহেল রানাকে সিল তৈরির অর্ডার দিয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আটক সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আরো পড়ুন:

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী রাইজিংবিডি ডটকমকে এসব তথ্য দিয়েছেন।

মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর সদর থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে সোহেল রানা ও সৌরভ হোসেন শরীফের নামে মামলা দায়ের করেন।

মামলার বর্ণনা অনুযায়ী, সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি জেলা শহরের পুরাতন আদালত সড়কে অবস্থিত ‘মারইয়াম প্রিন্টার্স’-এর স্বত্বাধিকারী।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকানে অভিযান চালিয়ে পুলিশ ১৬ ঘর বিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, সোহেলের দেওয়া তথ্য অনুযায়ী- হোয়াটসঅ্যাপে কথোপকথন এবং ভয়েস মেসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকেও মামলার আসামি করা হয়েছে। শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে।

পুলিশের দাবি, শরীফের অর্ডারেই এসব সিল তৈরি করেছিলেন সোহেল রানা।

এদিকে সিল জব্দের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াত পৃথকভাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সিল-কাণ্ডের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ করেন এবং আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করেন।

এর জবাবে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, “আটক সোহেল জামায়াতের কোনো কর্মী নন।”

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া জানান, ঘটনার পরপরই সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, “দুজনের নামে মামলা করা হয়েছে। আটক সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে তার ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।”

ঢাকা/লিটন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়