ভোট দিতে বাড়ির পথে ছুটছে মানুষ, অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
ভোট দিতে বাড়ির পথে ছুটছে মানুষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লম্বা ছুটি পাওয়ায় বিপুলসংখ্যক মানুষ ভোট দিতে বাড়ি যাচ্ছেন। গাজীপুরের প্রায় সব পোশাক কারখানার শ্রমিকদেরই ছুটি দেয়া হয়েছে।
একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ মহাসড়কে নামায় গাজীপুরে ঢাকা টাইমস মহাসড়কের চন্দ্রা ও এর আশেপাশে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। এই সুযোগে বাস মালিক ও শ্রমিকেরা বাড়তি ভাড়া আদায় করছে। এতে যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
এদিকে অতিরিক্ত যাত্রীর চাপে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট দেখা দিয়েছে। গত রাতে চন্দ্রা-সফিপুর ও বাড়ইপাড়া প্রায় ১০ কি.মি. এলাকায় যানজট সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো বিপুলসংখ্যক মানুষ ভোট দিতে বাড়ি যাচ্ছেন। ফলে আবারো যানজট দেখা দিয়েছে। একই অবস্থা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার, ভোগরা বাইপাস, চৌরাস্তা ও রাজেন্দ্রপুর এলাকায়।
ভুক্তভোগী যাত্রীরা জানান, ভোটের ছুটিতে ভোট দিতে তারা বাড়ি যাচ্ছেন। সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যানবাহন পাচ্ছিলেন না। তবে সকালে পরিস্থিতি স্বাভাবিক হলেও সুযোগ বুঝে যানবাহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন।
মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুরের চন্দ্রা দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছেন শিল্প কারখানার শ্রমিকেরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার আশেপাশে তাই যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। তবে ট্রাফিক পুলিশ মহাসড়ক সচল রাখতে এবং শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে।
বগুড়া যাচ্ছে তাহমিদ হোসেন। তিনি বলেন, “আমরা ভোট দিতে বাড়ি যাব, রওনা হয়েছি। চন্দ্রা থেকে ৪০০ থেকে ৫০০ টাকা ভাড়া। অথচ এখন ১ হাজার নিচে কেউ নিচ্ছে না৷ এভাবে চললে অনেকেই ভোট দিতে যাবে না। আমার নিজেরও এখন বাড়ি যেতে ইচ্ছে করছে না।”
মনোয়ারা খাতুন নামে একজন বলেন, “একে তো যানজট, তার ওপর বাস ভাড়া ৫০০ টাকা বেশি নিচ্ছে। বাসচালক ও হেল্পাররা আমাদের হয়রানি করছে কিন্তু পুলিশ ও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
নাওজোর হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, ভোটের জন্য টানা কয়েকদিন ছুটি হয়েছে শিল্পকারখানা। গতকাল থেকেই মানুষ বাড়ির পথে ছুটেছে। এজন্য মহাসড়কে মানুষ ও যানবাহনে চাপ সৃষ্টি হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় যেন করতে না পারে এজন্য কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা/রেজাউল/ফিরোজ