বাগেরহাটে মুক্তিযোদ্ধা মার্কেটে ভয়াবহ আগুন
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিয়াজ মার্কেটে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান ও একটি ক্লিনিক পুড়ে গেছে। ছবি: রাইজিংবিডি
বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মার্কেটের অন্তত ১০টি দোকান ও একটি ক্লিনিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, “প্রতিবছরের ন্যায় এ বছরও গরম কাপড় বিক্রি করতে অস্থায়ীভাবে ১০টি দোকানে ভাড়া নিয়ে ব্যবসা শুরু করি। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পাই মার্কেটে আগুন লেগেছে। এসে দেখি ১০টি দোকানের মালামাল সবই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি। আমার দোকানে প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন ধরনের শীতের পোশাক (গরম কাপড়) ছিল। সরকারের কাছে সহযোগিতা ছাড়া আমার ঘুরে দাঁড়াবার আর কোনো পথ নেই। কিভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারেনি।”
বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ জানান, গভীর রাতে মার্কেট বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।
ঢাকা/আমিনুল/ফিরোজ