ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে কথা বলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।
নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জানুয়ারির শুরু থেকে প্রায় ৬০ জন দীর্ঘমেয়াদি ইইউ পর্যবেক্ষক বাংলাদেশে আছেন বলে জানিয়েছে বিবিসি।
এ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের এ সদস্য বলেন, “স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা আজ থেকে মাঠে থাকবেন এবং তারা সকলে সকলেই পেশাগতভাবে অত্যন্ত দক্ষ।”
তিনি আরো জানান, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র থেকেই পর্যবেক্ষক এসেছেন। ইইউর অংশীদার দেশ নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডার পর্যবেক্ষকরাও এই মিশনে যুক্ত হয়েছেন।
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, বর্তমানে নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক। তবে কিছু কিছু বিষয় আছে, যা নিয়ে আলোচনা করা দরকার। মোটা দাগে একটি আশাবাদী পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
তারা প্রার্থী এবং দেশের বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষের সাথে আলাপ করেছেন উল্লেখ করে তিনি বলেন, “তাদের বেশিরভাগই বলেছেন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটের দুদিন পর ১৪ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একটি বিবৃতির মাধ্যমে তাদের প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করবে ইইউ মিশন।
ঢাকা/ইভা