রংপুরে ২১৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ৮৭৩টি ভোটকেন্দ্রে। এর মধ্যে ২১৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকি কেন্দ্রগুলোকে সাধারণ হিসেবে ধরা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় রয়েছে ১২১টি এবং জেলার আটটি উপজেলায় রয়েছে ৯৫টি ভোটকেন্দ্র। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৬টি কেন্দ্রের মধ্যে ১১টি ঝুঁকিপূর্ণ। এছাড়া গঙ্গাচড়ায় ৮টি, তারাগঞ্জে ৭টি, বদরগঞ্জে ৮টি, মিঠাপুকুরে ৯টি, পীরগঞ্জে ২৯টি, পীরগাছায় ১১টি এবং কাউনিয়ায় ১২টি কেন্দ্র ঝুঁকির তালিকায় রয়েছে।
আরপিএমপির আওতায় কোতোয়ালি থানায় ৭৫টির মধ্যে ৩১টি, হারাগাছে ৪৫টির মধ্যে ৩৫টি, হাজিরহাটে ২৪টির মধ্যে ১৫টি, মাহিগঞ্জে ২২টির মধ্যে ১৪টি, পরশুরামে ১৫টির মধ্যে ১০টি এবং তাজহাট থানার ২৩টির মধ্যে ১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।
ভোটার সংখ্যা বেশি, অতীতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, সীমানা প্রাচীর না থাকা, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের বাড়ির নিকটবর্তী কেন্দ্র এবং দুর্গম ও জনবহুল এলাকা- এমন বিভিন্ন বিষয় বিবেচনায় এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানায় পুলিশ।
আরপিএমপি জানিয়েছে, জেলার ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের আংশিক এলাকায় তাদের দায়িত্ব থাকবে। এসব এলাকার ২০৪টি কেন্দ্রে দায়িত্ব পালনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। এ জন্য মাঠে থাকবে ৩০টি মোবাইল পেট্রোল টিম ও ৭৮টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স।
আরপিএমপির উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রংপুর-১ আসনে ১৩৯টি, রংপুর-২ এ ১৩৭টি, রংপুর-৩ এ ১৬৯টি, রংপুর-৪ এ ১৬৩টি, রংপুর-৫ এ ১৫২টি এবং রংপুর-৬ আসনে ১১৩টি ভোটকেন্দ্র রয়েছে।
ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ভোটার ৩১ জন।
এদিকে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে শেষ হয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ দিনের নির্বাচনী প্রচারণা। রংপুরে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ১৪টি দলের প্রার্থীরা ভোটের মাঠে রয়েছেন। সাতজন স্বতন্ত্র প্রার্থীসহ ছয়টি আসনে এবার মোট প্রার্থী ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এই ভোটকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে আজ দুপুর থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছে যাবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।
ঢাকা/আমিরুল/ফিরোজ