ময়মনসিংহে ১৩৬৫ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ময়মনসিংহ র্যাব ১৪ এর অধিনায়ক নয়মুল হাসান সংবাদ সম্মেলন করেন।
ময়মনসিংহে সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। শহরে যানবাহন ও মানুষের চলাচলের কম দেখা গেছে।
মাত্র কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের মতো ময়মনসিংহ জেলার সকল সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হবে। জেলার ১৩ উপজেলায় আসন ১১টি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণের দিন এবং ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এবং শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি যোগ হয়েছে। ফলে টানা চার দিন ছুটি থাকবে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ছুটি থাকবে। সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হচ্ছে বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে। এ লম্বা ছুটিতে অনেক মানুষ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে শহর ছেড়ে গেছে।
ভোর থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নিরাপত্তা তদারকি করছেন।
জেলা ১ হাজার ৩৬৫টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে ৫৮৩টি। এ সব কেন্দ্রে ৩ হাজার ২১৭ জন পুলিশ সদস্য, হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা ছাড়া বাকি ১১ উপজেলার প্রত্যেকটিতে ১২০-১৪০ জন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সেনা সদস্য মোতায়েন না থাকায় সীমান্ত উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়ায় ৬ প্লাটুন করে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া বাকি অন্য উপজেলায় ৪ প্লাটুন করে বিজিবি সদস্য মোতায়েন থাকবে। প্রত্যেক কেন্দ্রে পুলিশের নেতৃত্বে ১৪-১৭ জন করে গ্রাম পুলিশ এবং আনসার সদস্য থাকবে।
এ ছাড়া আনসার ব্যাটালিয়ানের ৩১টি এবং র্যাবের ২১টি টিম মাঠে কাজ করছে। ৭৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনি দায়িত্বে রয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রত্যেক উপজেলা হতে প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, কলম, সুই সুতা, মোম এবং ব্যানার বুঝিয়ে দেওয়া হয়েছে।
পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।
এদিকে বুধবার সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ময়মনসিংহ র্যাব ১৪ এর অধিনায়ক নয়মুল হাসান সংবাদ সম্মেলন করেছেন।
নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় তিনি বলেন, ভোট নির্বিঘ্ন করতে র্যাব তৎপর রয়েছে। র্যাবের ৬০০ সদস্য মাঠে কাজ করছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাবের সব প্রস্তুতি রয়েছে।
ঢাকা/মিলন/বকুল