নমুনা ব্যালটসহ আটক যুবশক্তির নেতা, ৩ বছর কারাদণ্ড
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে (৪৮) আটক করা হয়েছে। তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ফটকের সামনে থেকে ধরে তাকে প্রশাসনের হাতে তুলে দেন বিএনপির নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ তাকে দণ্ড দেন।
দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসের বাড়ি আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিষ্টান পাড়ায়। তিনি ওই এলাকার বিমল দাসের ছেলে। সুকুমার বাবু অভিযান নিউজ টিভি নামের এক প্রতিষ্ঠানের সাংবাদিক বলে জানা গেছে।
সুকুমার দাস বাবু দুজনসহ একটি ব্যাটারিচালিত ভ্যানে করে এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে গিয়ে কেন্দ্রে যাওয়া ভোটারদের কাছে শাপলা কলি প্রতীকে ভোট চাচ্ছিলেন। পরে স্থানীয় বিএনপির লোকজন তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসকে দ্রুত জেলহাজতে পাঠানো হবে।
ঢাকা/নাঈম/রফিক