ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিদায়বেলায় ভোটকেন্দ্রে গিরীলাল, পেলেন না শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বিদায়বেলায় ভোটকেন্দ্রে গিরীলাল, পেলেন না শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

চাকরি জীবনের শেষ দিনে ভোটকেন্দ্রে কর্মব্যস্ত গিরীলাল চন্দ্র বর্মন (বাঁ দিকে)

আজকের দিনটি হতে পারত ফুলেল শুভেচ্ছা, আবেগঘন বক্তৃতা আর প্রিয় ছাত্র-ছাত্রীদের অশ্রুসিক্ত বিদায়ের। কিন্তু লালমনিরহাটের লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিরীলাল চন্দ্র বর্মনের ক্ষেত্রে দৃশ্যপট ছিল ভিন্ন। যে দিনটিতে তার অবসরে যাওয়ার কথা, সেই জীবনের শেষ কর্মদিবসটি তিনি কাটিয়ে দিলেন নির্বাচনি কেন্দ্রের নথিপত্র আর ভোটারদের ভিড়ে।

লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে আজ বৃহস্পতিবার সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। হাতে কলম আর চোখে চশমা নিয়ে ভোটারদের তালিকা মেলাতে ব্যস্ত এই শিক্ষককে দেখে বোঝার উপায় ছিল না যে, আজই তার দীর্ঘ চাকরি জীবনের শেষ সূর্যাস্ত।

আরো পড়ুন:

গিরীলাল চন্দ্র বর্মন জানান, তিনি তিন ছেলের বাবা। বড় ছেলে নৌবাহিনীতে দেশ সেবা করছেন। আজ তিনিও জীবনের শেষ মুহূর্তে এসে ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্বিত। 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার লিয়াকত আলী যেন এই প্রবীণ শিক্ষকের প্রতি শ্রদ্ধায় মাথা নত করলেন। তিনি বলেন, “গতকাল যখন শুনলাম আজ উনার শেষ দিন, আমরা অবাক হয়েছি। কাজের প্রতি উনার নিষ্ঠা আমাদের মুগ্ধ করেছে। ভোটগ্রহণ শেষে আমরা উনাকে ফুল দিয়ে যথাযথ সম্মান জানাবো।”

প্রথাগত বিদায় অনুষ্ঠান না পেলেও, শত শত ভোটারের সেবা করে শিক্ষক গিরীলাল চন্দ্র বর্মন যে স্মৃতি নিয়ে বাড়ি ফিরছেন, তা হয়তো কোনো আনুষ্ঠানিক সংবর্ধনার চেয়েও অনেক বেশি তৃপ্তির।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষক গিরীলাল চন্দ্র বর্মন বলেন, “আজ আমার শিক্ষকতা জীবনের শেষ দিন। এমন একটি বিশেষ দিনে আমি ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। গণভোট ও জাতীয় নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে পারাটা আমার কাছে অত্যন্ত গৌরবের। চাকরি জীবনের ইতি টানার মুহূর্তে দেশের সেবায় নিয়োজিত থাকতে পেরে আমি সত্যিই খুব খুশি।”

এদিকে, একজন নিষ্ঠাবান শিক্ষকের কর্মজীবনের শেষ মুহূর্তটি নির্বাচনি মাঠে কাটানোর বিষয়টি নজর কেড়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও অগ্রণী ব্যাংক তুষভান্ডার শাখার সিনিয়র অফিসার লিয়াকত আলী জানান, আমরা গতকাল রাতে জানতে পারি যে আজ শিক্ষক গিরীলাল চন্দ্র বর্মনের শেষ কর্মদিবস। শত ব্যস্ততার মাঝেও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালন করেছেন। নির্বাচনি কাজ শেষে আমাদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও যথাযথ সম্মান জানানো হবে।”

ঢাকা/শিপন/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়