সাতক্ষীরার ৪টি আসনই জামায়াতের
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরা-১ ও ২ আসনে জয়ী হয়েছেন জামায়াতের অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এবং মুহাদ্দিস আব্দুল খালেক (বায়ে)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলায় নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন জামায়াতের অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। ১৬৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে (পোস্টাল ভোটসহ) তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট। ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
এ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪০৪টি এবং ‘না’ ভোট ১ লাখ ২১ হাজার ২৫৬টি। মোট ৭৫.৬৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা): সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৮৩ ভোট। মুহাদ্দিস আব্দুল খালেক ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।
এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৯২ হাজার ৮২৮টি এবং ‘না’ ভোট ৮৬ হাজার ৬১৯টি। মোট ৭৩.৭৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ): এই আসনে ধানের শীষকে পেছনে ফেলে মূল লড়াইয়ে উঠে এসেছিলেন স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছেন জামায়াতের মুহা. রবিউল বাসার। ১৬৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট। ৭৮ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে রবিউল বাসার জয়ী হয়েছেন। বিএনপির কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট।
সাতক্ষীরা-৩ ও ৪ আসনে জামায়াতের মুহা. রবিউল বাসার ও গাজী নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন (বাঁয়ে)।
এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৩২ হাজার ৯২৫টি এবং ‘না’ ভোট ১ লাখ ৪ হাজার ৮৮৩টি। মোট ৭০.৯৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর): এ আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ৯৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪৬৬ ভোট। ২১ হাজার ৪৪৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন গাজী নজরুল ইসলাম।
এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪১টি এবং ‘না’ ভোট ৬০ হাজার ৭৭৯টি। মোট ৬৭.৭৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আক্তার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ঢাকা/শাহীন/মাসুদ