ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবচেয়ে বড় ব্যবধানে জয়ী রাঙামাটির দীপেন দেওয়ান

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬  
সবচেয়ে বড় ব্যবধানে জয়ী রাঙামাটির দীপেন দেওয়ান

দীপেন দেওয়ান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতেছেন ২৯৯ নম্বর রাঙামাটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী পহেল চাকমাকে ১ লাখ ৬৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। পোস্টাল ভোটসহ তিনি পেয়েছেন ২ লাখ ১ হাজার ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। এ আসনে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাঙামাটি আসনে ২ লাখ ৭৪ হাজার ১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১০ হাজার ১৫২টি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৬৬টি। ৫৪ দশমিক ৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাঙামাটি আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।

আরো পড়ুন:

নির্বাচনের জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় দীপেন দেওয়ান বলেছেন, “তৃণমূল মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছে এবং তাদের ভাগ্য তারেক রহমানের ওপর সঁপে দিয়েছে। আমরা সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে চাই। বিএনপি একটি জনবান্ধব দল। আমাদের আচরণও সেরকম হতে হবে। আমার দরজা সকলের জন্য সব সময় খোলা থাকবে। আমাদের এই জয় একটি চ্যালেঞ্জিং জয়। এই বিজয়ের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে হবে।”

রাঙামাটি আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো বলেছেন, “দীপেন দেওয়ানের সততা ও নিষ্ঠা এবং তারেক রহমানের সবার আগে দেশ মন্ত্রে উজ্জীবিত হয়ে রাঙামাটির মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছে। দেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভের জন্য আমি দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রী মর্যাদায় পার্বত্য মন্ত্রী করার দাবি জানাচ্ছি। এতে তাকে সম্মানিত করা হবে এবং দল ও স্থানীয় জনগণকেও মূল্যায়ন করা হবে বলে আমি মনে করছি।” 

ঢাকা/শংকর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়