চারদিন পর আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
টানা চারদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১২ ফেব্রুয়ারি থেকে টানা চারদিন বন্ধ থাকার পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
আখাউড়া স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. রুকনুদ্দিন বলেন, “সকালে ১৪টি ট্রাকে প্রায় ১২০ টন মাছ ভারতে রপ্তানি হয়েছে। মাছ ছাড়াও ৬টি গাড়িতে পাথর, শুঁটকি ও সিমেন্ট বোঝাই ট্রাক ছাড়পত্র নিয়ে ভারতে প্রবেশ করেছে।”
আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং দুই দেশের সাপ্তাহিক ছুটির কারণে ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস এবং বন্দরের দাপ্তরিক কার্যক্রম ছিল স্বাভাবিক।”
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আব্দুস সাত্তার বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শুধু ১২ ফেব্রুয়ারি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ ছিল।”
ঢাকা/পলাশ/রাজীব