বগুড়ায় ৭২ ঘণ্টায় তিন খুন, জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় ৭২ ঘণ্টার মধ্যে তিনটি হত্যাকাণ্ড এবং একটি হত্যাচেষ্টা ঘটেছে। তবে, এসব ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে সাধারণ মানুষদের মধ্যে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) গাবতলী উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় পরিবহন ব্যবসায়ী সাইফুল ইসলামকে নিজ বাড়ির কাছে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে, বগুড়া সদর উপজেলার পরিষদ এলাকায় নিজের বোনকে বিয়ে না দেওয়ায় ছাত্রদল নেতা ফাহিম হাসানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তারও এক দিন আগে শহরের নিশিন্দারা এলাকায় একটি গ্যারেজ থেকে ১৬ বছর বয়সী কিশোর আলিফের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এছাড়া, শহরের সেউজগাড়ী এলাকায় চাঁদা দাবির বিরোধে সুনীল নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এসব ঘটনার প্রতিবাদে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বাসদ নেতারা বলেন, বিচারহীনতার প্রবণতা অপরাধকে উৎসাহিত করছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) হোসাইন মোহাম্মদ রায়হান বলেছেন, “হত্যাকাণ্ডগুলোর পর থেকেই পুলিশ তদন্ত চালাচ্ছে। তিনটির মধ্যে দুটি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। আশা করছি, খুব দ্রুত তাদের গ্রেপ্তার করতে পারব। বাকি হত্যাকাণ্ডের ঘটনাটিও আমরা গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করছি। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
ঢাকা/এনাম/রফিক