টেকনাফ সৈকতে রোহিঙ্গা তরুণ-তরুণীর লাশ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টেকনাফ সীমান্তে রোহিঙ্গা তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতে এক তরুণ ও এক তরুণীর লাশ ভেসে এসেছে। তারা উভয় মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, মিয়ানমারের বুথিডংয়ের মোহাম্মদ তৈয়বের ছেলে মোহাম্মদ সাদ (১৯) ও উখিয়া বালুখালী ক্যাম্পের ফকির মোহাম্মদের মেয়ে উম্মে সালমা (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকার সৈকতে দুটি লাশ ভেসে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। উদ্ধার হওয়া তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/তারেকুর/বকুল