ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিকদের প্রতি এমপি রতন, ‘ভুল করলে লিখবেন’

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি এমপি রতন, ‘ভুল করলে লিখবেন’

মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেছেন, তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে মনোযোগ দিতে চান। তার কোথাও ভুল হলে চুপ না থেকে তা তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সুযোগ থাকলেও তিনি কোনো পদ বা চেয়ার চাননি বলে মন্তব্য করে বলেন, ‘‘রাজনীতির মূল লক্ষ্য জনগণের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলা, উন্নয়ন ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কাজ করা।’’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘রাজনীতি ও সমাজ উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা ইতিবাচকভাবে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হয়। কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই। যদি কখনও ভুল করি বা দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে আপনারা তুলে ধরবেন।’’ 

পদমর্যাদার চেয়ে দায়িত্ব পালনই বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘‘ছাত্ররাজনীতি ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মানুষকে সম্মান করার এবং সবার মতামত গ্রহণ করার শিক্ষা পেয়েছি। নির্বাচনের আগে কখনও মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দেইনি এবং এখনো সে পথে সময় নষ্ট করতে চাই না।’’এ সময় তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে চলার প্রত্যয় ব্যক্ত করেন। 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহিদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, রাসেল মাহমুদ, কাজী সাব্বির আহমেদ দীপুসহ আরো অনেকে।

ঢাকা/রতন

সর্বশেষ

পাঠকপ্রিয়