চাঁদা দাবির অভিযোগ, বিএনপি নেতা বললেন ‘প্রমাণ করতে পারবে না’
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়ে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে রাস্তা বন্ধ করে বালুভর্তি ট্রাক্টর আটকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (২২ ফেব্রুয়ারি) সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বালু ব্যবসায়ী আনিসুর রহমান।
অভিযুক্ত বিএনপি নেতার নাম মো. মুসলিম। তিনি পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের শালটিয়াপাড়া গ্রামের চাওয়াই নদীর বালু মহাল থেকে নিয়মিত বালু উত্তোলন করেন আনিসুর রহমান। প্রতিটি ট্রাকের জন্য ইউনিয়ন পরিষদে ১০০ টাকা হারে কর প্রদান করেন তিনি।
শনিবার শালটিয়াপাড়া গ্রামের মশিয়রের বাড়ির সামনে পাকা সড়কে মুসলিম ও তার সহযোগীরা আনিসুরসহ কয়েকজন ব্যবসায়ীর বালুভর্তি ট্রাক্টর আটকে রাখেন। এ সময় গাড়ি প্রতি ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে গাড়ি ছাড়া হবে না এবং নদী থেকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।
এ নিয়ে আনিসুরের সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মারমুখী আচরণ করা হয় এবং আনিসুরের ছেলেকে মারধর করা হয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আল ইমরানকে জানানো হলে তিনি উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করেন। পরে ট্রাক্টরগুলো ছেড়ে দেওয়া হয়।
রবিবার সকাল ৭টার দিকে ফের শালটিয়াপাড়া এলাকায় আনিসুরের দুটি ট্রাক্টর আটকে দেন মুসলিম ও তার লোকজন। ঘটনাস্থলে গিয়ে কারণ জানতে চাইলে আগের মতোই গাড়ি প্রতি ২০ হাজার টাকা দাবি করা হয় এবং আপোষ-মীমাংসা হবে না বলে জানানো হয়।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় তারা আনিসুরকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। এরপর আনিসুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মুসলিম বলেন, “আমি ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা ইজারা নিয়েছি। রাস্তার টোল না দেওয়ায় তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তারা আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছে, কিন্তু প্রমাণ করতে পারবে না।”
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ট্রাক্টর উদ্ধার করে। অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/নাঈম/রাজীব