সুনামগঞ্জে অধ্যক্ষের পতদ্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টলে অসামাজিক কার্যকলাপে প্রশ্রয়ের অভিযোগে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিবাবকরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ কর্মসূচি পালন হয়।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে কলেজছাত্রীদের হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে যৌন নিপীড়নসহ অসামাজিক কার্যকলাপে বাধ্য করছেন কতিপয় শিক্ষক।
সম্প্রতি নির্বাচনকালীন দ্বায়ীত্ব পালন করতে ওই ছাত্রী হোস্টেলে সেনাবাহিনী অবস্থান নিলে হোস্টেলের একটি কক্ষে বিপুল পরিমাণ কনডম পাওয়া যায়। ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অধ্যক্ষ সুজিত রঞ্জনের পদত্যাগ ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্যে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন।
আন্দোলনকারী আলতাফুর রহমান বলেন, “জালামগঞ্জ ডিগ্রি কলেজে কনডম পাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেজন্য আমরা ছাত্র-জনতা এখানে অবস্থান করতে বাধ্য হয়েছি। এ ঘটনার সঙ্গে কলেজ অধ্যক্ষ ও তার সঙ্গে যারা জড়িত; তাদের অনতিবিলম্বে কলেজ থেকে বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
ছাত্রদলের কলেজ শাখার সভাপতি তালহা আহমেদ বলেন, “নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী আমাদের কলেজের ছাত্রী হোস্টেলে ক্যাম্প করে। সে সময় তারা একটা কক্ষে এক বালতি কনডম পায় এবং তারা কলেজ কর্তৃপক্ষে বিষয়টি অবগত করে। কলেজ কর্তৃপক্ষ সেনাবাহিনীকে বলেছিল, বিষয়টি খতিয়ে দেখবে। কিন্তু কিছুই করেনি। তাই সহকর্মীদের নিয়ে স্যারের অফিসে উপস্থিত হয়েছিলাম; তিনি আমাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে হুমকি-ধামকি দিয়ে বের করে দেন। আমরা এ ঘটনার বিচার ও অধ্যক্ষের পদত্যাগ চাই।”
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী বলেন, “ছাত্ররা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।”
ঢাকা/মনোয়ার/জান্নাত