লিংকনের মুক্তির দাবিতে বরিশালে আইনজীবীদের বিক্ষোভ
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে আদালতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা দাবি করেন, সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম সাদিকুর রহমান লিংকনকে পরিকল্পিতভাবে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এবং বেআইনিভাবে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, তার জামিনের বিষয়ে সংশ্লিষ্ট বিচারিক প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিচারকদের অপসারণ এবং বিচারাঙ্গনে ঘুষ বাণিজ্য বন্ধের দাবি জানান বক্তরা।
কর্মসূচিতে বক্তব্য দেন- বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মহসিন মন্টু, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট হুমায়ুন কোভিদ মামুন ও জসীমউদ্দীন আকন।
ঢাকা/পলাশ/মাসুদ