নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোণায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম।
দণ্ডপ্রাপ্ত মো. আবু বক্কর (৬২) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোলামখার চর এলাকার মৃত জাফর আলীর ছেলে। নিহত রেজিয়া খাতুন (৩৮) নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বাসুন্তিয়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, আবু বক্কর ও রেজিয়া দুজনেরই ছিল এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর আবু বক্কর স্ত্রীর বাড়িতেই বসবাস করতেন। তবে সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে পারিবারিক বিরোধের জেরে আবু বক্কর তার পরনের শার্ট দিয়ে রেজিয়ার গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ ঘরের পাশের একটি খড়ের গাদায় লুকিয়ে রাখেন। পরদিন পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বোন বিউটি আক্তার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
ঢাকা/ইবাদ/রাজীব