এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার মান আরো উন্নত করতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেন, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই বড় উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন। এতে প্রাথমিক চিকিৎসা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা, টিকাদান কর্মসূচি এবং জরুরি স্বাস্থ্যসেবা আরো গতিশীল হবে।
এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার উপস্থিত ছিলেন।
সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউজে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মতবিনিময় করেন।
ঢাকা/রাসেল/বকুল