ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গভর্নর পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
গভর্নর পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্তকে ‘স্বাভাবিক প্রশাসনিক পরিবর্তন’ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ভাষায়, ‍“নতুন সরকারের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নে যেখানে প্রয়োজন, সেখানেই পরিবর্তন আসবে এবং তা চলমান থাকবে।”

সরকার বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয়। বিকেল পৌনে ৪টার দিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। এক প্রজ্ঞাপনে আগের গভর্নরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। অন্য প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।

আরো পড়ুন:

পরে সচিবালয়ে সাংবাদিকেরা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চান। জবাবে অর্থমন্ত্রী বলেন, “একটি নতুন সরকার এসেছে। নতুন সরকারের নিজস্ব অগ্রাধিকার আছে। পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই হয়নি, আরো অনেক জায়গায় হচ্ছে এবং হবে।”

মন্ত্রী আরো বলেন, “সরকারের কর্মসূচি ও নীতিগত দিকনির্দেশনা বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন আনা হবে।”

প্রয়োজনে আরো অনেক ক্ষেত্রেই এমন সিদ্ধান্ত আসতে পারে-এটিকে তিনি স্বাভাবিক প্রক্রিয়া বলেই উল্লেখ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার একই বছরের ১৫ আগস্ট আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করে।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়