বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াতের প্রার্থী সোহেল
বগুড়া অফিস || রাইজিংবিডি.কম
আবিদুর রহমান সোহেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলকে।
কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জরুরি দায়িত্বশীল বৈঠকে আবিদুর রহমান সোহেলকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় স্থান অর্জন করেন। পরে তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এ আসনে ভোট গ্রহণ করা হবে।
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি বগুড়া জেলা শাখার সভাপতি রেজাউল করিম বাদশাকে দলীয় মনোনয়ন দিয়েছে।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩ হাজার ৭৩৪ জন।
ঢাকা/এনাম/রফিক