ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাছে বেঁধে শিকল পরিয়ে তরুণ-তরুণীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ৫ মার্চ ২০২৬   আপডেট: ১৪:২২, ৫ মার্চ ২০২৬
গাছে বেঁধে শিকল পরিয়ে তরুণ-তরুণীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

প্রেমের টানে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিলেন কবিরুল ইসলাম নামে এক তরুণ। কিন্তু বিধি বাম, একসঙ্গে সময় কাটানো অবস্থায় এলাকাবাসীর হাতে ধরা পড়েন তারা। এরপর তাদের গাছের সঙ্গে হাত-পায়ে দঁড়ি ও শিকল বেঁধে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এমন একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

বুধবার (৪ মার্চ) সকালে পাবনার ঈশ্বরদীত উপজেলার সলিমপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাঠালপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে কবিরুলের সঙ্গে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের এক তরুণীর পূর্বপরিচয় ছিল। মঙ্গলবার কোনো এক সময় কবিরুল ওই তরুণীর বাড়িতে আসেন এবং সেখানে রাত্রীযাপন করেন বলে স্থানীয়দের দাবি।

বুধবার সকালে একটি ঘরের ভেতরে তাদের একসঙ্গে দেখতে পেয়ে সন্দেহ হলে এলাকাবাসী হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা দুজনকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখেন। এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য সামাজিকভাবে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। 

এ বিষয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর পাবনা জেলা মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী বলেন, “এটি একটি অমানবিক কাজ। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। একটি সভ্য রাষ্ট্রে এমন কাজ নিন্দনীয়। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা উচিত।” 

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, “ঘটনা জেনেছি। ঘটনাস্থল আমার না হওয়ায় বিষয়টি সদর থানাকে জানানো হয়েছে।” 

পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, “আমার বিষয়টি জানা নেই। আপনার কাছে প্রথম শুনলাম৷ খোঁজখবর নিয়ে দেখছি।” 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়