মাদারীপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
মাদারীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (৯ মার্চ) সকালে মেয়েটিকে সদর হাসপাতালে আনা হয়।
অভিযুক্তরা হলেন- নওয়াব আলী সরদার ও মিলন সরদার। তারা সম্পর্ক দাদা-নাতি।
ভুক্তভোগীর দাবি, প্রথমে তাকে কালকিনি এলাকায় দাদা নওয়াব আলী সরদার ধর্ষণ করে। পরে মুন্সিগঞ্জে নিয়ে নাতি মিলন সরদার ধর্ষণ করে।
অভিযোগ অনুযায়ী, প্রায় দুই মাস আগে কালকিনি উপজেলার পশ্চিম আলিপুর এলাকার এক যুবক ভুক্তভোগীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। মেয়েটি নাবালিকা হওয়ায় তার পরিবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এরপর বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে মেয়েটির সঙ্গে ছেলেটির সম্পর্ক গড়ে ওঠে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ৪ মার্চ সকালে কৌশলে মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর কালকিনি এলাকায় একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে তাকে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। পরবর্তীতে স্বজনরা মেয়েটিকে উদ্ধার করেন। অসুস্থ অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর সদর হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বলেন, “ভুক্তভোগী চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মীর রায়হান জানান, ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/বেলাল/মাসুদ