ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে উদ্ধারকৃত নবজাতককে দত্তক নিতে ১০ আবেদন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১১ মার্চ ২০২৬  
ময়মনসিংহে উদ্ধারকৃত নবজাতককে দত্তক নিতে ১০ আবেদন

নবজাতকটিকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক নিতে ১০টি আবেদন জমা পড়েছে। ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ১০ আবেদনের তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ধানক্ষেত থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর সড়কের পাশে ধানক্ষেতে পড়ে থাকা নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পায় এক পথচারী। পরে স্থানীয় ইজিবাইক চালক হালিম মিয়া নবজাতক শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। তারপর তিনি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট নবজাতক মেয়ে শিশুটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উদ্ধারের সময় নবজাতকের শরীরে রক্ত লেগে ছিল। পরে রাত ৮টার দিকে শিশুটিকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা শিশুটির চিকিৎসা শুরু করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে ভর্তি আছে।

নবজাতককে পাওয়া স্থানীয় বাসিন্দা হালিম মিয়া বলেন, সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় শিশুটি কান্না করছিল। এক পথচারী বিষয়টি তাকে জানালে শিশুটিকে বাড়িতে নিয়ে যান। তাকে নতুন কাপড় পরিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সনজিত মোদক বলেন, হাসপাতালে আনার পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে। তিনি আরো বলেন, ‘‘আমরা ধারণা করছি, বাচ্চাটি উদ্ধার হওয়ার ৩ থেকে ৪ ঘণ্টা আগে ভূমিষ্ঠ হয়েছে।’’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান জানান, নবজাতক বর্তমানে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। প্রয়োজনীয় খাবার এবং ওষুধের ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নবজাতককে দত্তক নিতে ইতোমধ্যে ১০ জন আবেদন করেছেন। আরো অনেকে মোবাইলে যোগাযোগ করছেন। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

ঢাকা/মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়