ঝিনাইদহে বাস পোড়ানোর মামলায় ২ আসামি রিমান্ডে
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহে বাস পোড়ানোর মামলায় বৃহস্পতিবার আসামিদের আদালতে নিয়ে আসে পুলিশ।
ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি গ্রেপ্তার অন্য পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোখলেছুর রহমান এ আদেশ দেন।
ঝিনাইদহ কোর্ট পরিদর্শক মোক্তার হোসেন বলেন, গত ৭ মার্চ রাতে টার্মিনালে বাস পোড়ানো মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও দি রেড জুলাই-এর জেলা কমিটির আহ্বায়ক আবু হাসনাত তানাইমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপর দিকে, সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম-আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, রাসেল হুসাইনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ