সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে
মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি সংগৃহীত
মানবপাচার মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে এই আবেদন জানানো হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির সময় আদালতে মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, “যাকে এক সময় টর্চার (নির্যাতন) করে হত্যা করতে চেয়েছিলেন এই কর্মকর্তা, তিনিই আজ দেশের প্রধানমন্ত্রী।”
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মানবপাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত ও অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এজন্য তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার
এর আগে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানায় করা মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম এ কথা জানান।
এর আগে ডিবিপ্রধানের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পট-পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুত্বর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন।
এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফর্ম নিয়ে ছিলেন তিনি। এর পরদিনই জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।
ঢাকা/মাকসুদ/সাইফ
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে