ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লটারিতে ওমরাহ পালনের সুযোগ পেলেন দুই ইমাম

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ১২ মার্চ ২০২৬  
লটারিতে ওমরাহ পালনের সুযোগ পেলেন দুই ইমাম

শরীয়তপুরের নড়িয়ায় লটারির মাধ্যমে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন দুই ইমাম। গত চার বছর ধরে নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ির পরিবার এমন ব্যতিক্রমী আয়োজন করে আসছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার লোনসিং এলাকায় শহীদুল ইসলাম বাবু রাড়ির পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার তুলে দেওয়া হয়। এরপর লটারির আয়োজন করা হয়।

এ বছর ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজী জামালুদ্দিন জামে মসজিদের ইমাম মো. ইউসুফ ও নড়িয়া সরকারি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহিম।

স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এবারো শহীদুল ইসলাম বাবু রাড়ির পরিবারের পক্ষ থেকে নড়িয়া পৌরসভার ৭০টি মসজিদের প্রায় ১২০ জন ইমাম ও মুয়াজ্জিনের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

উপহারের মধ্যে ছিল- পাঞ্জাবির কাপড়, পাগড়িসহ প্রয়োজনীয় সামগ্রী। উপহার বিতরণ শেষে তাদের মধ্যে লটারির আয়োজন করা হলে সেখান থেকে দুই জনকে পবিত্র ওমরাহ পালনের জন্য নির্বাচিত হন।

ওমরাহ পালনের সুযোগ পাওয়া মো. ইউসুফ বলেন, “এটি আমার জীবনের অনেক বড় পাওয়া। আল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের জন্য দোয়া করি।”

হাফেজ মাওলানা আব্দুর রহিম বলেন, “ওমরাহ পালনের সুযোগ পেয়ে আমি সত্যিই অভিভূত। মহান আল্লাহর দরবারে তাদের কল্যাণ কামনা করছি।”

এ বিষয়ে শহীদুল ইসলাম বাবু রাড়ির ছেলে দাউদ হাসান বলেন, “আত্মতৃপ্তি থেকে প্রতিবছর এ আয়োজন করা হয়। ভবিষ্যতেও আমাদের পরিবারের পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।”

ঢাকা/আকাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়