জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “জবাবদিহিতার সংস্কৃতি শুধু রাষ্ট্রের ক্ষেত্রে নয়, পারিবারিক ও ব্যক্তিগত পর্যায়েও চর্চা করা প্রয়োজন। প্রতিটি নাগরিককে জবাবদিহিতার আওতায় আসতে হবে। দেশে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর।”
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি। অনেকের ভোটের কালির দাগও শুকায়নি। কিন্তু প্রধানমন্ত্রী ইতোমধ্যে জনগণের কল্যাণে কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, কৃষক কার্ড বিতরণের কাজ চলছে এবং কৃষকদের কৃষিঋণ মওকুফ ঘোষণা করা হয়েছে।”
তিনি বলেন, “সংসদ সদস্যরা কেউ গাড়ি বা প্লট নেবেন না। সরকারের যাত্রার শুরুতেই নেওয়া উদ্যোগে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে।”
গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, “আধুনিক সভ্যতায় গণমাধ্যম একটি অপরিহার্য অনুষঙ্গ, যা ছাড়া সভ্যতার চর্চা ও বিকাশ অসম্ভব। রাষ্ট্রের কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”
তিনি বলেন, “সাংবাদিকদের জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছে—তা কোনো দয়া বা অনুদান নয় বরং গণমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা। রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় সরকার কাজ করবে।”
মন্ত্রী বলেন, “শুধু মেগা প্রকল্প বা অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতি দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে পারে না। উন্নয়নকে টেকসই করতে জাতির মূল্যবোধ ও সংস্কৃতির উন্নয়ন অপরিহার্য। মূল্যবোধহীন রাজনৈতিক সংস্কৃতি শেষ পর্যন্ত আত্মঘাতী হয়ে উঠে।”
ঢাকা/এনাম/রাজীব