সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রধানমন্ত্রী তারেক রহমান।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবায় নতুন সংযোজন হিসেবে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) রাতে দিনাজপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে বিমানবন্দরে এসে এই সেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক (ম্যানেজার) এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, ফ্রি ওয়াইফাই কার্যক্রম একেবারেই শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী সেই কার্যক্রম পরিদর্শন ও যাচাই-বাছাই করেন। ভিআইপি লাউঞ্জে ফ্রি ওয়াইফাই সেবা শুরু হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল সুবিধা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবেই সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালু করা হলো।
সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের প্রযুক্তি সুবিধা বৃদ্ধি করা হচ্ছে বলেও জানানো হয়।
ইতোমধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনেও ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরো সহজ ও আধুনিক হবে।
ঢাকা/সিথুন/মাসুদ
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী