ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে খাল খননে অনিয়ম, ঠিকাদারকে শোকজ

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১৭ মার্চ ২০২৬  
ঝালকাঠিতে খাল খননে অনিয়ম, ঠিকাদারকে শোকজ

ঝালকাঠি পৌরসভা ২০২৪-২০২৫ অর্থ বছরের সাতটি খাল খননের কাজ নির্ধারিত সময়ে শেষ না করায় ঠিকাদার প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। 

সোমবার (১৬ মার্চ)  পৌরসভার জারি করা নোটিশে উল্লেখ করা হয়, ঠিকাদার সাতটি খালের মধ্যে ছয়টির কাজ শুরু করলেও কোনোটির খনন শেষ করে কমপ্লিশন সার্টিফিকেট পৌরসভায় দেয়নি। একটি খালের কাজ শুরু করেনি।

আরো পড়ুন:

ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী টি এম রেজাউল হক রিজভী বলেন, ঠিকাদারকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে জামানত বাজেয়াপ্ত এবং ঠিকাদারি লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।

নোটিশ সূত্রে জানা গেছে, বারবার তাগাদা দেওয়ার পরও ঠিকাদার দুটি খাল আংশিক খনন করেন। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। 

নোটিশে আরো উল্লেখ করা হয়, চুক্তিমূল্য ১ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৩৭৭ টাকা থেকে সম্পাদিত কাজের বিল হিসেবে ৫২ লাখ ৭১ হাজার ১১ টাকা ঠিকাদারকে দেওয়া হয়েছে। খাল খনন সম্পন্ন না হওয়ায় পৌর এলাকায় জলাবদ্ধতা ও ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। ঠিকাদার কাজ শতভাগ শেষ না করে চূড়ান্ত বিলের আবেদন করেছেন এবং বিভিন্ন মহল থেকে চাপ ও হুমকি দিয়েছেন।

আজমির বিল্ডার্স লিমিটেডের স্বত্বধিকারী সরোয়ার হোসেন জানান, কাজের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর এক বছর এক মাস অতিবাহিত হয়েছে। এত দিন পর হঠাৎ একটি নোটিশ জারি করা যৌক্তিক মনে হয় না। 

সময়মতো সব কাজ শেষ করেছেন বলে দাবি করেন তিনি। 

ঢাকা/অলোক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়