সাভারে ঘরমুখো মানুষের ঢল, সড়কে গণপরিবহনের চাপ
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আর দুই-তিন পরেই পবিত্র ঈদুল ফিতর। শিল্প অধ্যুষিত অঞ্চল সাভারের অনেক কারখানায় ঈদের ছুটি শুরু হয়েছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছেন পোশাক শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ। সড়কে এখন ঘরমুখো মানুষের ঢল। সড়ক-মহাসড়কে বেড়েছে গণপরিবহনের চাপ। তবে, যানজট আগের মতো না থাকায় স্বস্তিতেই ঘরে ফিরছে লোকজন।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কে গিয়ে এ চিত্র দেখা গেছে।
ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের জামগড়া, জিরাবো ও আশুলিয়ায় সরেজমিনে ঘুরে সড়কে গণপরিবহনের আধিক্য দেখা গেছে। এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বেড়েছে যাত্রীদের চাপ। সাভার বাজার বাসস্ট্যান্ড, উল্লাইল, হেমায়েতপুর, নবীনগরে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়েছে।
নবীনগর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন আজমল হোসেন। তিনি রাইজিংবিডিকে বলেছেন, “সড়কে গাড়ি পাওয়া যাচ্ছে। বিকেলে থেকে অনেক যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছেন। গাড়িভাড়া স্বাভাবিকের তুলনায় বেশি দাবি করছেন বাসের চালক ও হেলপাররা।”
ঠিকানা বাসের যাত্রী ইমদাদুল ইসলাম বলেন, “সড়কে যাত্রীর চাপ আছে। তবে, ভাড়া বেশি দিলেই বাস পাওয়া যাচ্ছে। সড়ক স্বাভাবিক দিনের মতোই। কিন্তু, স্ট্যান্ডগুলোতে যাত্রী ওঠাতে গিয়ে কিছুটা জটলা তৈরি হচ্ছে।”
এমএনপি বাসের চালক সফিকুল বলেন, “গাবতলী থেকে বাস ছেড়ে এখন নবীনগরে এসেছি। কোথাও দীর্ঘ যানজটে পড়তে হয়নি।”
বেশি ভাড়া নেওয়া কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, “ঈদ উপলক্ষে ৪০-৫০ টাকা বেশি ভাড়া চাওয়া হচ্ছে।”
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান বলেন, “সড়কে যাত্রীর চাপ ও গাড়ি চাপ বাড়ছে। তবে, কোথাও যানজট নেই। যানচলাচল স্বাভাবিক আছে। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে।”
ঢাকা/সাব্বির/রফিক