সন্ধ্যায় রিকশা নিয়ে বের হন ফজলু, সকালে মিলল মরদেহ
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মরদেহের পাশ থেকে ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করে পুলিশ।
পাবনায় ধানখেত থেকে ফজলুর রহমান (৫৫) নামে এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) সকালে বেড়া পৌর এলাকার বড়শিলা মহল্লার ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার রিকশা জব্দ করে পুলিশ।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাইচন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফজলুর রহমান বেড়া পৌরসভার হাতিগাড়া মহল্লার মৃত আব্দুল মুন্নাফের ছেলে। তিনি হাতিগাড়া ক্যানেল এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ফজলুর রহমান। সকালে পৌরসভা এলাকার বড়শিলা থেকে নলভাঙ্গা যাবার রাস্তার পাশের ধানখেতে ফজলুর রহমানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের পাশেই তার রিকশা পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্ত। কিন্তু হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
এ প্রসঙ্গে নিতাইচন্দ্র বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
ঢাকা/শাহীন//