এমপির স্বজনদের বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার পুলিশ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনের স্বজনদের পারিবারিক দ্বন্দ্ব মেটাতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে। পুলিশের গাড়িতে তার স্বজনেরা হামলা ও ভাঙচুর করেছেন বলে অভিযোগ। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ির সামনের কাচ ভেঙে গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার এলংগীপাড়ায় এ ঘটনা ঘটে। আফজাল হোসেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জামায়াতের সংসদ সদস্য। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এমপি আফজাল হোসেনের দুই চাচতো ভাই আনোয়ার হোসেন ও শিপলুর মধ্যে পারিবারিক বিরোধ চলছে। এর জেরে উত্তেজনা শুরু হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন পুলিশ সদস্যদের নিয়ে এলংগীপাড়ায় যান। এ সময় পুলিশের গাড়িকে লক্ষ্য করে এমপির চাচাতো ভাই আনোয়ার, শিপলুসহ তাদের লোকজন পাথর নিক্ষেপ করতে থাকেন। এ ঘটনায় পুলিশের গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলা ও ভাঙচুরের ঘটনার ব্যাপারে জানতে আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ঘটনার বিষয়ে জানতে এমপি আফজাল হোসেনের মোবাইলে কল দিলে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি বলেন, “এমপি সাহেব একটু ব্যস্ত আছেন।”
এমপির ভাতিজা রবিউল ইসলাম বলেন, “ঘটনার সময় চাচা বাড়িতে ছিলেন না। পারিবারিক বিরোধের জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এলাকায় এলে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আমরাও চেষ্টা করছি।”
ওসি জামাল উদ্দিন বলেন, “এমপির স্বজনদের মধ্যে বিরোধ চলছে—এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে গেলে তার চাচাতো ভাই সাদিক, আনোয়ার ও শিপলু পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এতে পুলিশের গাড়ির সামনের অংশ ভেঙে গেছে। আমাদের ওপর কেন হামলা করল বিষয়টি বুঝতে পারলাম না। আইন সবার জন্য সমান। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/কাঞ্চন/রাজীব