বগুড়ায় বেশি দামে গরুর মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার আদমদীঘিতে বেশি দামে গরুর মাংস বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ মার্চ) উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সকাল থেকে কিছু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ ক্রেতারা প্রতিবাদ জানান। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সান্তাহার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ফলজু, রস্তুম, বাচ্চু ও মানিকের দোকান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, মূল্য তালিকা প্রদর্শন না করায় বুলবুল ও ডাবলুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেন, “বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/এনাম/রাজীব