লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে যাওয়া যাত্রী উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জে লঞ্চে উঠতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়া এক যাত্রীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, “চাঁদপুর থেকে ছেড়ে আসা ‘রফ রফ ৭’ লঞ্চ ঢাকা যাওয়ার পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভিড়লে যাত্রীরা ওঠানামা করেন। লঞ্চটি ছেড়ে দিলে জহির নামের এক ব্যক্তি উঠার চেষ্টা করেন। লঞ্চের সামনের অংশে বেশ কিছুক্ষণ ঝুলে ছিলেন তিনি। একপর্যায়ে পড়ে যান নদীতে। দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।”
জহিরের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। এদিকে, লঞ্চ থেকে নদীতে পড়ে যাওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঢাকা/রতন/রাজীব