ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফ্যাসিবাদের কালো ছায়া এখনো রয়ে গেছে: জামায়াত আমির

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২২ মার্চ ২০২৬   আপডেট: ১১:৫৩, ২২ মার্চ ২০২৬
ফ্যাসিবাদের কালো ছায়া এখনো রয়ে গেছে: জামায়াত আমির

সিলেটে সার্কিট হাউজে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,“ফ্যাসিবাদ বিদায় নেয়নি, ফ্যাসিবাদের একটি বড় স্টেকহোল্ডার বিদায় নিয়েছে। কিন্তু ফ্যাসিবাদের কালো ছায়া এখনো জাতির মাথার ওপর রয়ে গেছে।”

রবিবার (২২ মার্চ) সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সিলেট সার্কিট হাউজে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি দেশের রাজনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণভোট, সংবিধান সংস্কার, সংসদের ভূমিকা, ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও সিলেটের উন্নয়ন-বঞ্চনাসহ নানা বিষয়ে কথা বলেন।

আরো পড়ুন:

ডা. শফিকুর রহমান বলেন, গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পরও দেশ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। সমাজের সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, প্রতিহিংসা ও সংকীর্ণতা রয়ে গেছে। তার ভাষ্য, রাজনীতিবিদেরা কথার সঙ্গে কাজের মিল রাখতে না পারায় মানুষের মধ্যে রাজনীতির প্রতি অশ্রদ্ধা ও ক্ষোভ তৈরি হয়েছে।

সাংবাদিকদের ভূমিকার বিষয়ে তিনি বলেন, মিডিয়া জাতির দর্পণ, আর সাংবাদিকেরা জাতির বিবেক। সমাজের অসংগতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরার মাধ্যমে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে সাংবাদিকতায় সমাজ ও বিবেকের প্রতিধ্বনি আগের মতো দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আলাদাভাবে দেখতে হবে। প্রেসিডেন্টের প্রতিষ্ঠান নিয়ে তাদের নেতিবাচক অবস্থান নেই, তবে ব্যক্তি নিয়ে তাদের আপত্তি রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারি দল জাতির আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গণভোট ও সংস্কার পরিষদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে বিপুলসংখ্যক ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কিন্তু সেই রায়ের পূর্ণ বাস্তবায়ন হয়নি। তিনি অভিযোগ করেন, সরকারি দলের সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে সংসদে নোটিশ দেওয়া হবে এবং সংসদের ভেতরে-বাইরে তারা বিষয়টি উত্থাপন করবেন বলে জানান তিনি।

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে তিনি বলেন, বিরোধী দলের দুটি প্ল্যাটফর্ম- একটি সংসদের ভেতরে, অন্যটি রাজপথে। সংসদের ভেতরে যেমন গঠনমূলক রাজনীতি হবে, তেমনি প্রয়োজনে রাজপথেও গঠনমূলক কর্মসূচি দেওয়া হবে। তবে রমজান মাসের প্রতি সম্মান জানিয়ে তারা মাঠের কর্মসূচি থেকে বিরত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলি, হত্যা ও সহিংসতার ঘটনা দুঃখজনক। এসব ঘটনায় তারা প্রতিবাদ ও আপত্তি জানিয়েছেন। মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষার প্রশ্নে তারা নীরব থাকবেন না বলেও জানান তিনি।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত সরকারের সময় মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারেনি, বাড়তি ভাড়া গুনতে হয়েছে। এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ওপর থেকে নিচ পর্যন্ত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তার ভাষ্য, জনগণের অর্থ কোনো দলের নয়; সরকার কেবল তার ব্যবস্থাপক।

দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধপরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশ জ্বালানি, রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের চাপে পড়তে পারে। এ সংকট মোকাবিলায় সরকার উদ্যোগ নিলে জাতীয় স্বার্থে তা বিবেচনা করবে বিরোধী দল।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সব স্তরে গণতন্ত্রের চর্চা ও জবাবদিহিমূলক নেতৃত্ব তৈরির জন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। জনপ্রতিনিধিদের মাধ্যমেই স্থানীয় পর্যায়ে জনগণের কাজ পরিচালিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সিলেট উন্নয়ন-বঞ্চনার শিকার। সিলেটের ন্যায্য পাওনা যাতে বঞ্চিত না হয়, সে দাবিতে তারা সোচ্চার থাকবেন। তবে বাস্তবায়নের মূল দায়িত্ব সরকারের হাতে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভার শুরুতে ডা. শফিকুর রহমান দেশবাসী, প্রবাসী বাংলাদেশি ও সারা বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে সিলেটের সাংবাদিক সমাজের ঐতিহ্য, সামাজিক সহমর্মিতা ও পেশাগত ভূমিকার প্রশংসা করেন।

ঢাকা/রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়