ঈদে মায়ের কাছে মামুনুর রশীদ, সাক্ষী হতে হাজির মিমি
মা-ছেলের আনন্দঘন মুহূর্তের সাক্ষী আফসানা মিমি (ছবি: সংগৃহীত)
প্রখ্যাত নাট্যকার-অভিনেতা মামুনুর রশীদ। ৭২ বছর বয়সি এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঈদের আনন্দ ভাগ করে নিতে ছুটে গেছেন মায়ের কাছে। ঈদ মানেই মামুনুর রশীদের কাছে ৯২ বছর বয়সি মায়ের সান্নিধ্য।
মামুনুর রশীদের আবেগঘন এই গল্প আগে হয়তো অনেকেই শুনেছেন। আর তা প্রত্যক্ষ করতে ঈদের দিন টাঙ্গাইলে ছুটে যান নন্দিত অভিনেত্রী আফসানা মিমি, নির্মাতা-টেলভিশন অনুষ্ঠান প্রযোজক অনন্যা রুমা।
মামুনুর রশীদের রত্নগর্ভা মায়ের নাম রোকেয়া খানম। টাঙ্গাইল শহরেই বসবাস করেন তিনি। ঈদের আগেই ঢাকা থেকে টাঙ্গাইলে পৌঁছে যান মামুনুর রশীদ। বিশেষ পারিবারিক মুহূর্তের সাক্ষী হতে ঈদের দিন সকালে ঢাকা থেকে টাঙ্গাইলে যান মিমি-রুমা।
অনন্যা রুমা বলেন, “মামুন ভাই যেখানেই থাকুন না কেন, ঈদে মায়ের কাছে ছুটে যান—বিষয়টি নিজ চোখে দেখার জন্যই টাঙ্গাইয়ে যাওয়া। মা-ছেলের সঙ্গে ঈদের এই আয়োজন সত্যিই অন্যরকম এক অনুভূতি।”
মামুনুর রশীদের বাসায় ঈদের দিন দুপুরে সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। এসময় মামুনুর রশীদের বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন বলেও জানান রুমা।
টাঙ্গাইলের সিদ্দিকী কটেজেও গিয়েছিলেন আফসানা মিমি ও অনন্যা রুমা (ছবি: সংগৃহীত)
আধুনিক জীবনের ব্যস্ততায় যেখানে পারিবারিক বন্ধন অনেক সময় শিথিল হয়ে পড়ে, সেখানে মামুনুর রশীদের এই নিয়মিত ফিরে যাওয়া ইতিবাচক একটি দৃষ্টান্ত বলে মন্তব্য রুমার।
ঢাকা/শান্ত