এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে নাড়াচাড়াও করতে পারি না: দীপিকা
দীপিকা কাক্কর
হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ দীপিকা কাক্কর লিভার ক্যানসারে আক্রান্ত। অস্ত্রোপচারের মাধ্যমে তার লিভারের ২২ শতাংশ কেটে ফেলা হয়েছে। এরপর তার সিস্ট ধরা পড়ে। গত ২৩ ফেব্রুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে ১৩ মিমি সিস্ট অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর তার স্বামী অভিনেতা শোয়ব ইব্রাহিম জানান, দীপিকা এখন বিশ্রাম নিচ্ছেন। এখন নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিচ্ছেন।
দ্বিতীয় অস্ত্রোপচারের পর একটি রেসিপি ভ্লগের শুটিং করেন দীপিকা কাক্কর। শুটিংয়ের ফাঁকে এ অভিনেত্রী জানান, কঠোর ডায়েট মেনে চলছেন দীপিকা। তার ক্ষুধামন্দা ও ক্লান্তি হচ্ছে।
দীপিকা কাক্কর বলেন, “আমি জানি, আমার বিশ্রাম নেওয়া খুব জরুরি। যেদিন ক্লান্ত থাকি, সেদিন এতটাই ক্লান্তি ভর করে আমি নাড়াচাড়াও করতে পারি না। যেদিন মানসিকভাবে ঠিক থাকি না, সেদিন কিছুই করতে পারি না। যেদিন ভালো থাকি, সেদিন আমি অনেক কাজ করি, যা আমাকে খুশি করে তোলে। মানসিকভাবে খুশি না থাকলে আপনি লড়াই করতে পারবেন না।”
সিস্ট অস্ত্রোপচারের অভিজ্ঞতা জানিয়ে দীপিকা কাক্কর বলেন, “অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়া ভালোভাবেই শেষ হয়েছে। কিন্তু কয়েক দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি। পুরো প্রক্রিয়াটি মসৃণভাবে সম্পন্ন হয়েছে। মানুষ বলে, ‘সিস্ট পুনরায় ফিরতে পারে।’ যদি সত্যিই এটি ফিরে আসে, তখন তা মেনে নিতে সময় লাগে। আমারও কিছুটা সময় লেগেছে। সবকিছু খুব হঠাৎ হয়েছে। কারণ আমরা জানতে পারার পরই ডাক্তার বললেন, ‘হাসপাতালে ভর্তি হয়ে যান।’ এরই মাঝে ছিল আমাদের বিবাহবার্ষিকী।”
সিস্ট অপসারণের সময়ে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন দীপিকা কাক্কর। তার ভাষায়, “এবার যখন অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন খুব উদ্বিগ্ন ছিলাম। আমি অনেক কেঁদেছিলাম। ডাক্তাররা আমাকে শান্ত করেছিলেন। এবারের প্রক্রিয়াটি অপারেশন থিয়েটারে নয়, সিটি রুমে হয়েছিল। এটি আরএফএ নামে একটি প্রক্রিয়া, যেখানে সিস্টটি পুড়িয়ে দেওয়া হয়। এটি ছোট হওয়ায় এভাবে করা সম্ভব হয়েছে। বড় হলে প্রক্রিয়াটি আরও জটিল হতো।”
ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে স্নাতক সম্পন্ন করে বিমানবালা হিসেবে ক্যারিয়ার শুরু করেন দীপিকা কাক্কর। অসুস্থতাজনিত কারণে ৩ বছর পর এ চাকরি ছেড়ে দেন। ২০১০ সালে অভিনয়ে পা রাখেন। খুব অল্প সময়ের মধ্যে অভিনয়ে খ্যাতি কুড়ান এই অভিনেত্রী।
২০১১ সালে রওনক নামে একজনকে বিয়ে করেন দীপিকা। ২০১৫ সালে ভেঙে যায় এ সংসার। ২০১৮ সালে সহঅভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন দীপিকা। ২০২৩ সালের ২১ জুন পুত্রসন্তানের মা হন এই অভিনেত্রী।
*এনডিটিভি অবলম্বনে
ঢাকা/শান্ত