ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জন্মভূমিতে ঈদের নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২১ মার্চ ২০২৬  
জন্মভূমিতে ঈদের নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়া উপজেলা জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজারের পেকুয়া উপজেলা জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টা ১০ মিনিটে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজে অংশ নেন।

আরো পড়ুন:

নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করার আহ্বান জানান। পাশাপাশি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন।

নামাজ শেষে তিনি পেকুয়া উপজেলার মাঠ ও স্টেডিয়ামের উন্নয়ন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সঙ্গে আলোচনা করেন। এ সময় ফুটবল মাঠের পাশাপাশি বাস্কেটবল ও ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার সুবিধা গড়ে তোলার নির্দেশনা দেন। এছাড়া জিমনেসিয়াম সংস্কার করে সেখানে বিভিন্ন ইভেন্ট আয়োজনের ব্যবস্থা করতে বলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং বলেন, সরকার রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে কাজ চালিয়ে যাচ্ছে।

এরপর তিনি পেকুয়া উপজেলার সিকদারপাড়ায় পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় কবরস্থানের পাশের এতিমখানার পুকুরসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জারিনসহ স্থানীয়রা।
 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়