ঈদের প্রধান জামাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় অশ্রুসিক্ত মোনাজাত
জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এ জামাতে হাজারো মুসল্লির ঢল নামে।
জামাতে ইমামতি করেন মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত ছিলেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
ঈদের প্রধান এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ব্যবস্থা চোখে পড়ে। প্রবেশপথে তল্লাশি, সিসিটিভি নজরদারি এবং মেডিকেল টিমসহ সার্বিক প্রস্তুতি ছিল সুসংগঠিত।
জামাত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মহান আল্লাহর কাছে গুনাহ মাফ, রমজানের রোজা ও ইবাদত কবুল, দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকল দুর্যোগ-দুর্বিপাক থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। মুসল্লিদের অনেককে অশ্রুসিক্ত চোখে মোনাজাতে অংশ নিতে দেখা যায়। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও শান্তির জন্যও প্রার্থনা করা হয়।
এছাড়া মোনাজাতেও দেশ ও জাতির শান্তি, উন্নতি এবং সব ধরনের বিপদ-আপদ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়। মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা এবং রমজানের সব ইবাদত কবুল হওয়ার আশায় মুসল্লিরা গভীর আবেগে দোয়া করেন।
পুরান ঢাকার বাসিন্দা সাহেদ হোসাইন জামাতে অংশগ্রহণের পর বলেন, ঈদ হলো ধর্মীয় ভাবাবেগ, আত্মশুদ্ধি এবং জাতীয় ঐক্যের এক অপরূপ মিলনক্ষেত্র। ঈদের নামাজে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি, যেখানে ব্যক্তিগত প্রার্থনা রূপ নেয় সমগ্র জাতির সম্মিলিত আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে।
ঢাকা/এএএম/ফিরোজ