ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘মানুষের নিরাপত্তাই আমাদের ঈদের খুশি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২১ মার্চ ২০২৬   আপডেট: ১৪:১৮, ২১ মার্চ ২০২৬
‘মানুষের নিরাপত্তাই আমাদের ঈদের খুশি’

ঈদের ছুটিতেও বিরামহীন দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। ছবি: রাইজিংবিডি

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীর বেশিরভাগ বাসিন্দা যখন পরিবারের সঙ্গে আনন্দঘন সময় উদযাপনে ব্যস্ত, তখন শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডিউটিতে রয়েছেন। 

রাজধানীর পল্টন, বাইতুল মোকাররম, জিপিও মোড়সহ রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে তারা দায়িত্ব পালন করছেন, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে।

আরো পড়ুন:

শনিবার (২১ মার্চ) সকালে পল্টন মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্য রবিন বলেন, “ঈদে সবার জন্য ছুটি। সবাই পরিবার নিয়ে ঘুরে ও বিশ্রাম করে। কিন্তু আমাদের অনেকে ছুটি পায় না, ডিউটি করতে হয়।” 

তিনি আরো বলেন, “জনগণ যাতে নিরাপদে ঈদ উদযাপন করতে পারে, সেটাই আমাদের প্রধান দায়িত্ব। ঈদের বাড়ি যাওয়ার পরিকল্পনা থাকলেও ছুটি পাইনি, আমরা এখন ডিউটিতে আছি। পরিবারের সঙ্গে মোবাইলে ঈদের কুশল বিনিময় করি, সেইটুকু আনন্দ আমাদেরও আছে।”

জিপিও মোড়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্য তারেক বলেন, “আমরা চাই সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করুক। মানুষের নিরাপত্তাই আমাদের ঈদের খুশি। আমরা ডিউটিতে থাকলেও ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য মোবাইলে পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগম নিয়ন্ত্রণ করাই আমাদের মূল কাজ।”

গুলিস্তানে দায়িত্বে থাকা পুলিশ সদস্য সুজন বলেন, “পরিবার থেকে দূরে থাকলেও জনগণের সেবা করতে পারায় আমরা গর্বিত। ঈদের দিনে মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে, সেই নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মোবাইলে পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে আমরা ছোটখাট আনন্দ পাই এবং সেই আনন্দ আমাদের দায়িত্বের সঙ্গে যুক্ত থাকে।”

পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, শহরের গুরুত্বপূর্ণ মোড়, ট্রাফিক জংশন এবং ধর্মীয় স্থানগুলোতে অতিরিক্ত টিম মোতায়েন করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক সমস্যা কমানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া। মানুষের নিরাপদ ও স্বস্তিময় ঈদ উদযাপন নিশ্চিত করা আমাদের প্রধান কাজ।

রাজধানীর সাধারণ মানুষ এই নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করছে। 

পুরান ঢাকার বাসিন্দা সানিউল আলম বলেন, ঢাকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক প্রহরা নিশ্চিত করছে। এতে করে আমরা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারছি। প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা, মোড় ও সড়কে এই প্রহরা সক্রিয় থাকায় ঈদের দিনে কোনো অঘটন বা বিশৃঙ্খলা ঘটার সম্ভাবনা কমে যায়।

শহরের প্রতিটি মোড়ে, বাজারে এবং ধর্মীয় স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকায়, মানুষ আত্মবিশ্বাসীভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হচ্ছে। পরিবারের সঙ্গে মোবাইলে কুশল বিনিময় এবং সাধারণ মানুষের নিরাপত্তা- এই দুইয়ের মধ্যে লুকিয়ে থাকে ঈদের দিনে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঈদ আনন্দ।

ঢাকা/এএএম/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়