তেল রিজার্ভ রেখে বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তেল রিজার্ভ রেখে গ্রাহকের কাছে বিক্রি না করার অভিযোগে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সীর নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাকির মুন্সী বলেন, “ফিলিং স্টেশনে তেল থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। অভিযোগ পেয়ে অভিযান চালানো হয় এবং অভিযোগের সত্যতা মেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরো বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী, জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শিয়াম/রাজীব