সড়কে পড়ে ছিল নারী ও বৃদ্ধের লাশ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থান থেকে নারী ও অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুজনের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে উপজেলার হরিনহাটি এলাকা থেকে জিরানী যাচ্ছিলেন সাহেদা বেগম নামে এক নারী। মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়ে থাকা লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।
সাহেদা বেগমের বাড়ি সিরাজগঞ্জে। প্রায় দুই সপ্তাহ আগে তিনি হরিনহাটি এলাকায় ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
অপরদিকে, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা খাড়াজোড়া এলাকায় সড়কে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। নিহতের পরনে চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল।
তবে কীভাবে এই বৃদ্ধের মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শওগাত উল আলম বলেন, “পৃথক স্থান থেকে নারী ও অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। নারীর পরিচয় পাওয়া গেলেও পুরুষের পরিচয় মেলেনি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
ঢাকা/রেজাউল/রাজীব