ঢাকা     শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৪ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এবার চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৭ মার্চ ২০২৬   আপডেট: ২০:০৬, ২৭ মার্চ ২০২৬
এবার চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার যশোরে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ফতেপুর এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে বাসটিতে আগুন ধরে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যশোর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এ সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। চালক জানিয়েছেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ইঞ্জিনে ত্রুটির কথা বাস মালিকদের তিনি জানিয়েছিলেন। কিন্তু, মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দিতে বাধ্য হন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”

ঢাকা/রিটন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়