স্বাধীনতা দিবসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দুই আইনজীবী গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় সুনামগঞ্জে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ মনীষ কান্তি দে (মিন্টু) এবং মিজানুর রহমান শামীমকে আটক করে। পরে রাতে সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনুরুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। উক্ত মামলায় দুই আইনজীবীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি মনীষ কান্তি দে এবং জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মিজানুর রহমান শামীম। মনীষ কান্তির বাড়ি শহরের নতুনপাড়া, আর শামীম সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা।
এর আগে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সকালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা একটি মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ওই কর্মসূচিতে গ্রেপ্তারকৃত দুই আইনজীবী এবং অন্যান্য আওয়ামীপন্থি আইনজীবীরাও অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’সহ বিভিন্ন স্লোগান দেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ রাইজিংবিডি ডটকমকে এ বিষয়ে বলেন, “গ্রেপ্তারকৃতদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মামলায় ২৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা ৫০–৬০ জনকে আসামি ধরা হয়েছে।”
ঢাকা/মনোয়ার/জান্নাত